মো:-গোলাম রববানী তালুকদার,বগুড়া:- বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ উপজেলা পরিষদ চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রবাসী পরিবারের সদস্য, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসে কর্মরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছেন। একই সঙ্গে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পথে যাওয়া, দালালচক্র প্রতিরোধ এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং প্রবাসী পরিবারগুলোর সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। শেষে প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং একই দিনে জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়।