মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বানাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের মেয়ে মোছাঃ রিনা (২৫), মৃত বাবলু প্রামাণিকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭), মোঃ লোকমান আলী মোল্লার ছেলে মোঃ জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে আসছিল। চক্রের নারী সদস্য রিনা কৌশলে বিত্তবান বা সহজ-সরল ব্যক্তিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরবর্তীতে তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে চক্রের অন্য সদস্যরা অতর্কিত হামলা চালাত এবং আপত্তিকর অবস্থায় ভিডিও বা ছবি ধারণ করত। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল কাজ।
সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বানাইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।