
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কন্ঠ
নিয়মিত ইপিআই টিকার সিডিউল অনুযায়ী আজ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালে নয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুদের হামের টিকা প্রদান করা হবে।
হামের টিকার সিডিউল অনুযায়ী শিশুদের প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে। তবে গত দুই সপ্তাহে যারা নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করতে পারেননি, তাদের খুঁজে বের করে পুনরায় টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় অভিভাবক রাশিদা খাতুন জানান, “আমার শিশু আজ হামের টিকা পেয়েছে। এর মাধ্যমে সন্তানের সুস্থতা নিয়ে আমরা অনেক স্বস্তি বোধ করছি। আমাদেরও সচেতন হওয়া উচিত, যেন কোনো শিশুই টিকা থেকে বঞ্চিত না হয়।”
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং আইসিটি ফোকাল পার্সন ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের জানান, সরকারিভাবে নতুন হামের টিকা আসার পর ক্যাম্পেইন আকারে সকল শিশুকে টিকা প্রদান করা হবে। তখন বয়সসীমা আরও সম্প্রসারিত করে দশ বছর পর্যন্ত শিশুদেরও হামের টিকা দেওয়া সম্ভব হবে।
ডা. তানভীর আরও বলেন, “সকল অভিভাবককে অনুরোধ করা হচ্ছে, শিশুদের সময়মতো টিকা দিতে সচেতন থাকুন যাতে হামের মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”
