
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর ভাঙনরোধে নির্মাণাধীন বাঁধে নদী খনন করে তোলা বালুই ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যেখানে ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ করা হচ্ছে, ঠিক সেই স্থানেই নদীর তলদেশ খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেই বালু জিওটেক্স বস্তায় ভরে বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বাঁধটি টিকবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে বাতকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন চেল্লাখালী নদীতে এ কাজ চলছে।
গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো তদারকি কর্মকর্তা পাওয়া যায়নি।
জানা গেছে, বাতকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেকিকুড়া গ্রামের মধ্যবর্তী এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি খরস্রোতা চেল্লাখালী নদীতে প্রতি বছর ভাঙন দেখা দেয়। ২০২৪ সালের অক্টোবরের বন্যার পর এ ভাঙন আরও তীব্র হয়। এতে বিদ্যালয়টি ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় ভাঙনরোধে সেখানে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।
পাউবোর কাজের আদেশ অনুযায়ী, গাছের খুঁটি, কাঠ ও বালুভর্তি জিওটেক্স বস্তা ব্যবহার করে বাঁধ নির্মাণের কথা রয়েছে। মোট ৫ হাজার ৪০০টি বস্তার প্রতিটিতে প্রায় ১৭৫ কেজি করে বাইরে থেকে বালু এনে ভরাট করার কথা। তবে বাস্তবে নদীর তলদেশ খনন করে উত্তোলিত বালুই ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যয় কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খনন করে সেই বালু দিয়েই বাঁধ নির্মাণ করছে। এতে বাঁধের নিচে গভীর গর্ত তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাঁধ ধসে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি বিদ্যালয়টি আবারও ঝুঁকির মুখে পড়তে পারে।
এ প্রকল্পের কাজ করছে পিয়ারলেস ভেঞ্চার লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিনিধি আব্দুল মোতালেব নদী খনন করে বালু ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘লেভেলিং ও ড্রেসিংয়ের জন্য কিছু বালু ব্যবহার করা হচ্ছে। এতে বাঁধের কোনো ক্ষতি হবে না।’
এ বিষয়ে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, কাজের নির্দেশনায় এ ধরনের কোনো সুযোগ নেই। বিষয়টি তার জানা ছিল না উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
