
প্রাচীন সভ্যতার স্মৃতিবিজড়িত বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে ঘিরে কয়েকদিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
মেলার মূল আয়োজন কেন্দ্র ছিল হযরত শাহ সুলতান মাহিসওয়ার বলখী (রহ.) এর মাজার এলাকা। ধর্মপ্রাণ মুসল্লিরা মাজার জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। একই সঙ্গে বাউল, ফকির ও সাধু-সন্ন্যাসীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।
মেলায় নানা ধরনের দোকানপাট বসে। বিশেষ করে মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী কটকটি, মিষ্টি, খেলনা, মাটির তৈজসপত্র, বাঁশ-বেতের সামগ্রী ও গ্রামীণ পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। শিশু-কিশোরদের আনন্দঘন উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, মহাস্থানগড়ের মেলা শুধু কেনাকাটার আয়োজন নয়, এটি উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির একটি বড় মিলনস্থল। প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন তারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই মেলাকে ঘিরে তাদের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসে। কয়েকদিনের এ আয়োজন স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
স্থানীয় প্রশাসন জানায়, মেলায় আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ঐতিহাসিক মহাস্থানগড়ের এই বৈশাখী মেলা যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের ধারক হিসেবে মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
