
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রবিবার (রাত) মধ্যরাতে গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির গোয়ালঘরের তালা বা বাঁধন কৌশলে খুলে একটি মূল্যবান গরু চুরি করে নিয়ে যায়। সকালে ফজরের নামাজের সময় পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে হতবাক হয়ে পড়েন। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক জানান, চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছিলেন তিনি। গরু বিক্রির টাকায় পরিবারের প্রয়োজন মেটানো ও ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ এমন ঘটনায় পরিবারটি চরম দুশ্চিন্তা ও আর্থিক সংকটে পড়ে গেছে।
এদিকে গরু চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে রাতের বেলায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রামাঞ্চলে রাত্রীকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
