
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাট এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ কেন্দ্র বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের অধীন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে মহাস্থানগড়ে একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রটি চালু হলে সনদপত্র গ্রহণ, নিবন্ধন কার্যক্রম, পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন কাজ এবং অন্যান্য প্রশাসনিক সেবা স্থানীয় পর্যায়ে সহজেই পাওয়া যাবে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীদের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি সেবার মানও বৃদ্ধি পাবে।
এছাড়া উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাপনা আরও গতিশীল, আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক স্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কেন্দ্রটি বর্তমানে প্রস্তাবনা ও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।
