
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামে এক বিধবা নারী ও প্রবাসীর পরিবারের ওপর দফায় দফায় হামলা, ধাওয়া, ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানা পুলিশের রহস্যজনক নীরবতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার পরপর দুটি লিখিত অভিযোগ করার পরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়নি বলে অভিযোগ উঠেছে।
পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগে সালিশের আগেই রশিদের জনশূন্য বসতবাড়ির ইটের প্রাচীর ভেঙে ঘরের তালা কেটে নগদ টাকা লুটে নিয়েছে প্রতিপক্ষ।
এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী আঃ রশিদ (৫০) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন— একই গ্রামের:
(১)ওয়াজেদ আলী (৩৫), পিতা- মৃত তমিজ উদ্দিন মন্ডল, আবু মন্ডল, ভুট্টু মিয়া (৩০) এবং মতি মন্ডল (৪৫), উভয় পিতা- মৃত ঠান্ডা মন্ডল।
ঘটনার সূত্রপাত ও পুলিশের রহস্যজনক ভূমিকা
স্থানীয় ও থানা অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে এলাকার এক অসহায় বিধবা নারী জিরামন বেওয়াকে নির্মমভাবে মারধর করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় জিরামন বেওয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ প্রাথমিকভাবে ঘটনা তদন্তে মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামে যান। কিন্তু তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই প্রতিপক্ষ ওয়াজেদ, পিন্টু ও তাদের সহযোগীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আঃ রশিদকে লক্ষ্য করে তেড়ে আসে এবং তাকে ধাওয়া করে।
প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে আঃ রশিদ সপরিবারে ঘরবাড়ি ছেড়ে ওই গ্রামের লইম মাস্টারের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। লইম মাস্টারের পরিবারের লোকজন দরজা বন্ধ করে দেন। হামলা কারীরা দরজা খুলতে ব্যর্থ হলে বাড়ির দরজায় সজোড়ে আঘাত করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
এই প্রকাশ্য হামলার ঘটনায় আঃ রশিদ শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ আর কোনো পদক্ষেপ নেয়নি এবং ঘটনাস্থলে যায়নি বলে ভুক্তভোগীর অভিযোগ।
পুলিশের এমন তদন্তের পর রশিদকে ধাওয়া ও বাড়িছাড়া করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়ায় ) ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার উদ্যোগ নেন এবং সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (২০শে জুন) উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠকে বসার কথা চূড়ান্ত হয়। সালিশের সিদ্ধান্তের অপেক্ষায় এলাকার পরিবেশ আপাতদৃষ্টে শান্ত ছিল।
কিন্তু পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে পুঁজি করে গত ১৬/০৬/২০২৩ তারিখ রাতে প্রতিপক্ষরা আঃ রশিদের জনশূন্য বসতবাড়িতে পরিকল্পিতভাবে পুনরায় হামলা চালায়। তারা বাড়ির পূর্ব পাশের ইটের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ভেতরে রক্ষিত জমি বিক্রির নগদ ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
টাকা চুরি ও ঘরবাড়ি ভাঙচুরের পর বাদী আঃ রশিদ শিবগঞ্জ থানায় দ্বিতীয়বারের মতো লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পরপর দুটি লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও শিবগঞ্জ থানা পুলিশ রহস্যজনকভাবে নীরব রয়েছে এবং এখনো ঘটনাস্থল পরিদর্শনে যায়নি।
ভুক্তভোগী আঃ রশিদ ক্ষোভ প্রকাশ করে জানান,
পুলিশের সামনে এক রকম, আর পুলিশ চলে গেলেই প্রতিপক্ষরা আমাদের ওপর হিংস্র হয়ে ওঠে। প্রথমবার আমাকে ধাওয়া করে বাড়িছাড়া করার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে গতরাতে তারা আমাদের প্রাচীর ভেঙে ঘরের সব লুটে নেওয়ার সাহস পেত না। পরপর দুইবার লিখিত অভিযোগ দিলাম, তাও পুলিশ একবারও এসে দেখল না। আমরা এখন স্বপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
পুলিশের এই নীরব ভূমিকার কারণে এলাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে স্থানীয়দের মাঝেও চাপা ক্ষোভ বিরাজ করছে। এই বিষয়ে দ্রুত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
