
নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ তদন্তে মনগড়া ও অসত্য প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে তিন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তারা হলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ।
জানা গেছে, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ তুলে এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও নিজে বিদ্যালয় পরিদর্শন করেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পান। পরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মীর আমিনুর রহমান নামে এক অস্থায়ী শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এরপর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
অভিযোগ রয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকরা গণমাধ্যমকর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও অনিয়মের বিষয়টি স্বীকার করে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে অবগত করেন।
তবে অভিযোগকারীদের দাবি, এসব ঘটনার পরও তদন্ত কমিটি বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য বা কোনো ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মনগড়া ও অসত্য প্রতিবেদন দেওয়ার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ইউএনও বিষয়টি আমলে নিয়ে পুনরায় তদন্তের আশ্বাস দেন।
তদন্ত কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘আমি চার-পাঁচটি উপজেলার দায়িত্বে আছি। তারা যেদিন তদন্ত করতে গিয়েছেন, সেদিন আমি যাইনি।’
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘এটা আমরা জমা দিয়েছি। সেখানে মন্তব্যসহ সব উল্লেখ আছে। আপনারা দয়া করে জেনে নিন।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘তদন্তে থাকা বাকি দুজন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা আমার কাছে কাগজ দিয়েছেন, আমি স্বাক্ষর করেছি। কী বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে, সেটাও আমি দেখিনি।’
বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘তদন্তের বিষয়ে আমার কাছে কেউ আসেনি। আমি শুধু শুনেছি তদন্ত হবে। তদন্ত হয়েছে, এটা আপনার কাছ থেকেই শুনলাম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ‘ভর্তি বাণিজ্যের অভিযোগের বিষয়টি নিয়ে আমি নিজে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম এবং প্রাথমিক সত্যতাও পেয়েছিলাম। পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষার্থীরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আগামী সাত দিনের মধ্যে পুনরায় তদন্ত করা হবে।’
