
বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক সত্যতার ভিত্তিতে পুলিশ সুপারের আদেশে তাকে অভিযুক্তের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তের কাজে তার বাড়িতে যান এসআই আনছার আলী। সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় ও একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পরবর্তীতে তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে এসআই আনছার আলী তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। উপায় না পেয়ে গত ৮ অক্টোবর ভুক্তভোগী তরুণী বগুড়ার পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ সময় তরুণী বিভিন্ন সময়ের কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও প্রমাণ হিসেবে জমা দিতে চেয়েছেন। প্রাথমিক তদন্তে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ওই তরুণীর একাধিকবার যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, পুলিশ সুপারের নির্দেশ পাওয়ার পর সোমবার রাতেই এসআই আনছার আলী কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
