
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ এবং নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে নন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৮৫ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অন্যদিকে, নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নারী উদ্যোক্তাদের মধ্যে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, নন্নী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল্লাহ মেম্বার। এ ছাড়া বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষিকা এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
