
বগুড়ার মোকামতলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মোকামতলা থানা পুলিশ।
পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামির নাম মোঃ ময়নুল ইসলাম। তিনি বগুড়ার মোকামতলা থানাধীন সৈয়দপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নুল ইসলামের বিরুদ্ধে মামলা নম্বর ৮৬৪/সূত্র ৩৫সি/২৪, শিবগঞ্জ, ২০২৪-এর অধীনে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
মোকামতলা থানা পুলিশের এএসআই রায়হান অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
