
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা হলেন মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামীম (২৩), মো. আবদুল করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আবদুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০) ও মো. মেসবাউল (২০)।
পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
