শিবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণের স্থান পরিদর্শন
মো: গোলাম রব্বানী তালুকদার,
শিবগঞ্জ (বগুড়া):
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় একাডেমিক ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক প্রফেসর এ.এস.এম. এমদাদুল কবীর। আজ সোমবার তিনি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সকালে তিনি শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, “প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে দেশে চাকরির কোন অভাব নেই। তাই ইভটিজিং ও বাল্যবিবাহ পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী হতে হবে।”
পরে তিনি উপজেলার মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক শ্যামল সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও আতাউর রহমান মণ্ডলসহ অনেকে।