Oplus_131072
আনোয়ার উল্লাহ শরিফ
জনগণের কন্ঠ প্রতিনিধি চরফ্যাশন,ভোলা।
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নকল ঔষধ বিক্রির দায়ে চরফ্যাশন থানা পুলিশ শরীফ নামের একজনকে আটক করেছে। পরবর্তীতে জেলা ড্রাগ সুপার আইনি ব্যবস্থা না নিয়েই তাকে ছাড়িয়ে নিয়ে যান।
উল্লেখ্য, রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন বাজারের ফাতেমা মেডিকেল হলে ওয়েনমেন্টটি বিক্রি করতে এলে শরীফকে আটক করে থানায় জানানো হয়। পরবর্তীতে পুলিশ এসে জব্দকৃত ঔষধসহ অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আটক ওই ব্যক্তিকে জেলা ড্রাগ সুপার সোমবার থানা থেকে ছাড়িয়ে নিয়েছে। এ ব্যাপারে চরফ্যাশনের ঔষধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
চরফ্যাশনের ঔষধ ব্যবসায়ীরা বলেন, ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে শরীফ হোসেন ভারতীয় নকল ঔষধ “ডেরোবিন ওয়েনমেন্টটি” চরফ্যাশনের বিভিন্ন ওষুধের দোকানে গত কয়েক মাস যাবত সরবরাহ করে আসছিলেন। রোগীরা ওয়েনমেন্টি ব্যবহার করে এর বিরূপ প্রভাব সম্পর্কে ফার্মাসিস্টদের জানালে তারা ওয়েনমেন্টটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওয়েনমেন্টটি নকল। তাই তারা শরীফকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।
রবিবার সন্ধ্যায় চরফ্যাশন বাজারে ফাতেমা মেডিকেলে ওয়েনমেন্টটি বিক্রি করতে এলে তারা শরীফকে আটক করে থানায় সোপর্দ করেন।
পরবর্তীতে শরীফের আটকের বিষয়টি জেলা ড্রাগসুপার কে জানানো হলে তিনি সোমবার চরফ্যাশন আসেন। তিনি প্রতারক শরীফের বিরুদ্ধে কোন প্রকার আইনি ব্যবস্থা না নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এ বিষয়ে ফার্মাসিস্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে প্রতারকরা পার পেয়ে গেলে পরবর্তীতে এর চাইতেও বড় প্রতারণা করতে দ্বিধাবোধ করবে না।
চরফ্যাশন থানার এসআই মনির খান জানান, আমরা জব্দ ঔষধসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসলে জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস ঔষধসহ অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যান।
এ বিষয়ে জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস বলেন, পুলিশ বলেছে ড্রাগ আইনে মামলা করতে হবে। তাই থানা থেকে আমি ঔষধসহ অভিযুক্তকে নিয়ে এসেছি। হেড অফিসে আমি ফরওয়ার্ডিং দিব। ডিজি স্যারের অনুমতি পেলে ড্রাগ কোর্টে মামলা করব। ড্রাগ সুপারকে অভিযুক্তের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাকে আমি ছেড়ে দিয়েছি।