মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-গণমাধ্যম–পুলিশ সমন্বয়ে নিরাপদ ও যানজটমুক্ত বগুড়া গড়ার প্রত্যয় বগুড়ায় নবাগত পুলিশ সুপার শাহাদত হোসেন জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। আজ সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় বগুড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট সমস্যা, অপরাধ দমন এবং আধুনিক policing–এর বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা শহরের জনদুর্ভোগ ও সামাজিক অব্যবস্থাপনা সম্পর্কিত বেশ কিছু জরুরি বিষয় তুলে ধরেন—
- ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি,শহরের ভয়াবহ যানজট নিরসনে কার্যকর উদ্যোগ।করতোয়া গেটলক বাসের শহরের ভেতর দিয়ে চলাচল বন্ধের প্রস্তাব, ফুটপাত দখলমুক্তকরণ,মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন।
বক্তারা বলেন, বগুড়া শহরের যানজট এখন বড় সংকট। স্কুল–কলেজ, বাজার এলাকা ও ব্যস্ত মোড়গুলোয় লাগাতার যানজট মানুষের জীবনে দুঃসহ পরিস্থিতি তৈরি করছে। সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।
সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার শাহাদত হোসেন। তিনি বলেন—
“সাংবাদিক ও পুলিশ একে অপরের সহযোগী। সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তদন্ত কাজকে সহজ করে। বগুড়াকে একটি নিরাপদ শহর গড়তে আমরা সবাই মিলে কাজ করবো।”
তিনি আরও জানান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বজায় থাকবে। ফুটপাত দখলমুক্তকরণ ও শহরের চলমান যানজট নিরসনে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত।
সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের মানবিক সেবা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার তাদের মতামতকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত এমন মুক্ত আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত পুলিশ সুপার।