মো:-গোলাম রববানী তালুকদার, বগুড়া:-
বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০টি গুলি খোয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোররাত ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলিগুলোর কোনো সন্ধান মেলেনি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথা এলাকায় চা পান করতে যান। এ সময় তাঁর কাছে থাকা শটগানের ১০টি গুলি খোয়া যায়।
ভোররাত ৪টায় দায়িত্ব বুঝে নেওয়ার সময় কনস্টেবল নুরুজ্জামানের কাছে বিষয়টি জানানো হয়। এরপর রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও গুলির কোনো হদিস পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “সদর থানা থেকে খোয়া যাওয়া গুলি এখনো উদ্ধার করা যায়নি। এ বিষয়ে সদর থানা থেকে প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”