
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ীতে হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে তেল সংগ্রহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনিয়ম ও তদারকির ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি থাকলেও তা কার্যকরভাবে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ ছিল না। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি লাইনে দাঁড়াননি; বরং লাইনের বিপরীতে, কাউন্টারের সামনে—যেখানে প্রবেশে বারবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল—সেই স্থানেই অবস্থান নিয়ে তেল সংগ্রহ করতে দেখা যায়। একইভাবে কিছু বাইকারও নিয়ম ভেঙে ওই স্থান দিয়ে প্রবেশ করায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে তেল সংগ্রহ শেষে অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।
ভুক্তভোগীরা জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত না করলে এ ধরনের ভোগান্তি আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
