
তাওহিদুজ্জামান রোমান, নিজস্ব প্রতিবেদক
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ—দুজনই জোর প্রচারণা চালাচ্ছেন।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি ও হক পরিবারের প্রভাববলয়ে ছিল। ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী ডা. সেরাজুল হক প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ সালেও তিনি নির্বাচিত হন। ১৯৯৪ সালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলে উপনির্বাচনে তার ছেলে মাহমুদুল হক রুবেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। এরপর ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০৮ সালের পর থেকে আসনটি বিএনপির দখলের বাইরে চলে যায়। ওই সময় প্রকৌশলী ফজলুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম জয়ী হন।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে এবার আবারও মাঠে সক্রিয় রুবেল। নির্বাচনী প্রচারণায় তার পরিবারের সদস্যরাও অংশ নিচ্ছেন। স্ত্রী ফরিদা হক দীপা ও মেয়ে রুবাইদা হক রিমঝিম গণসংযোগে অংশ নিচ্ছেন, পাশাপাশি তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে কাজ করছেন তার ছেলে রাফিদুল হক।
মাহমুদুল হক রুবেল বলেন, আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগের সময় তিনি মানুষের পাশে ছিলেন। নির্বাচিত হলে সীমান্তবর্তী এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
অন্যদিকে জামায়াত-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, এলাকার মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও দখলদারত্বমুক্ত পরিবেশ প্রত্যাশা করে। নির্বাচিত হলে তিনি তার ভাইয়ের অসমাপ্ত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন।
এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান। তবে স্থানীয়দের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
এর আগে ইসলামী আন্দোলনের প্রার্থী ও বিএনপির এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়েছে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রচার শেষ হয়েছে মঙ্গলবার সকাল ৭টায়। নির্বাচন কমিশন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি দুর্গম হিসেবে চিহ্নিত।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জামায়াত-সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। ফলে ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামী ৯ এপ্রিলের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
