
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কণ্ঠ
প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেলের অস্বাভাবিক সংকটে দেশের বিভিন্ন অঞ্চলে ভোগান্তিতে পড়েছেন নানা পেশার মানুষ। পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। এ পরিস্থিতিকে ঘিরে কালোবাজারিও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শেরপুরের কয়েকটি ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, আগে স্থানীয় ডিলারদের মাধ্যমে বিভিন্ন দোকানেও তেল পাওয়া গেলেও বর্তমানে সেই সরবরাহ প্রায় বন্ধ। এখন মূলত ডিপো থেকে সরাসরি ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তবে ফিলিং স্টেশন মালিকদের দাবি, সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম।
নালিতাবাড়ী হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মনির হোসেন বলেন, যে পরিমাণ তেল আসে, তা এক-দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায়। অনেক সময় পুরো দিনই তেল থাকে না।
তেল আসার খবর পাওয়া মাত্রই ফিলিং স্টেশনগুলোতে শুরু হয় দীর্ঘ লাইন। অনেক ক্ষেত্রে আগের রাত থেকেই মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকেরা। রোদ, বৃষ্টি বা ঝড়—সবকিছু উপেক্ষা করেই চলছে এই অপেক্ষা।
তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো কর্মজীবী মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যস্ত মানুষ তেল সংগ্রহ করতে পারছেন না বলে জানিয়েছেন।
স্থানীয় ধান ব্যবসায়ী ভুক্তভোগী মো. রবিউল ইসলাম বলেন, আমরা ব্যবসায়ী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করার সময় নেই। গাড়ির ট্যাংকে তেল না থাকায় প্রায় অচল অবস্থা। বাধ্য হয়ে ২৫০ থেকে ৩০০ টাকা দরে তেল কিনতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে।
বর্তমানে সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের দাম ১১৭ টাকা। তবে অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করা এই তেল বাইরে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কিছু ব্যক্তি দিনে একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। পরে সেই তেল বোতল বা ট্যাংক থেকে নামিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া, আগে ভাড়ায় চলা কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস এখন তেল সংগ্রহ ও বিক্রির কাজে যুক্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. সবুজ মিয়া বলেন, কালোবাজারি বন্ধে নজরদারি জোরদার করা হবে। অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
