উন্নয়নের নতুন দিগন্তে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা
মো: গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ(বগুড়া):- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) কর্তৃক জারিকৃত এক গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্তকে শিবগঞ্জের সার্বিক উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিবগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের চিঠি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারের নির্ধারিত মানদণ্ড, জনসংখ্যা, অবকাঠামোগত উন্নয়ন, রাজস্ব আয়, নাগরিক সেবার মান এবং প্রশাসনিক সক্ষমতা—এসব গুরুত্বপূর্ণ সূচক পর্যালোচনা করে শিবগঞ্জ পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।
পৌরসভার এই উন্নীতকরণের ফলে শিবগঞ্জে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের পরিমাণ বাড়বে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ার ফলে শিবগঞ্জ পৌরসভা এখন আরও সুসংগঠিত ও পরিকল্পিত নগরায়ণের পথে এগিয়ে যাবে। এতে করে বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই উন্নীতকরণ বাস্তব উন্নয়নের মাধ্যমে দৃশ্যমান রূপ পাবে।
