নারায়ণগঞ্জের বন্দর থানার আইন-শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে খোদ পুলিশের ওপর বর্বরোচিত হামলা এবং সরকারি শর্টগান ছিনতাইয়ের ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—বন্দর কি তবে অপরাধীদের হাতে জিম্মি হয়ে পড়েছে?
স্থানীয়দের অভিযোগ, বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধ দমন কার্যক্রমের চেয়ে তদবির ও গোপন বাণিজ্যই বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে বন্দর এলাকা ধীরে ধীরে ছিনতাইকারী ও ডাকাতদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
বিশেষ করে কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা-মাধবপাশা এলাকা, চৌধুরী বাড়ি-রুস্তমপুর ব্রিজ সংলগ্ন এলাকা এবং দাশেঁওগাও-ধামগড় সড়ক এখন অপরাধীদের দখলে বলে অভিযোগ রয়েছে। এসব এলাকায় প্রতিনিয়ত পথচারীরা ছিনতাইয়ের শিকার হলেও কার্যকর পুলিশি টহল বা দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
গত শুক্রবার রাতে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনাকে অনেকেই ওসির নেতৃত্বের চরম ব্যর্থতা হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, অপরাধীদের মনে আইনের ভয় না থাকায় তারা এতটা দুঃসাহস দেখাতে পারছে।
এদিকে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সন্ধ্যার পর বাইরে বের হওয়াকে অনেকেই ‘মৃত্যুঝুঁকি’ হিসেবে দেখছেন। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে বর্তমান ওসিকে প্রত্যাহার করে দক্ষ ও সাহসী কর্মকর্তার নিয়োগ নিশ্চিত করা হোক।
