
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ। উপজেলার সদর এলাকার প্রধান এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও সম্প্রসারণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীদের।
স্থানীয়দের অভিযোগ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে এসে উপজেলার সদর এলাকার এমন নাজুক রাস্তার অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করছেন। এতে উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য, নওগাঁ-৩ (আসন নং ৪৮) সংসদীয় আসনটি মহাদেবপুর ও বদলগাছী—এই দুই উপজেলা নিয়ে গঠিত। স্থানীয়দের দাবি, মহাদেবপুর শহরে প্রায় দুই বছর আগেই ৪ লেন সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে এবং সেখানে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অথচ একই আসনের বদলগাছী উপজেলায় এখন পর্যন্ত সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ কার্যক্রমও সম্পন্ন হয়নি। এ নিয়ে জনমনে বৈষম্যের অভিযোগ উঠেছে।
বদলগাছীর সর্বস্তরের জনগণ বর্তমান সংসদ সদস্য নওগাঁ-৩ আসনের জনাব ফজলে হুদা বাবুল-এর নিকট জোরালো দাবি জানিয়েছেন, বদলগাছী শহরের ভিতরে দ্রুত ৪ লেন সড়ক নির্মাণ এবং নওগাঁ থেকে বদলগাছী পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার।
