
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩০ সিএফটি পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) রাত ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন ভরিয়া পাকুরতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে এসএস ফুড জোনের বিপরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালান লালমনিরহাট থেকে ঢাকায় পাচার করা হবে। পরে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে বুপ্রেনরফাইনযুক্ত “CUPIGESIC” লেবেলকৃত মোট ১১২২ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ২২৪৪ মিলিলিটার মাদকদ্রব্য ছিল।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা কার্গো ট্রাক, ৪৩০ সিএফটি কালো পাথর, একটি পাথরের চালান কপি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেরাকোলা গ্রামের মোঃ শরিফ ইসলাম (২৪), টারুটিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ মন্টু মিয়া (৪৮)।
ডিএনসি জানায়, আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সামসুল আলম।
মাদকের এ চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
