
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি বাঁশের সাঁকো অপসারণ করে নতুন ও নিরাপদ সাঁকো নির্মাণ করায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
মহাস্থানগড়ের ফুড কোর্টের পেছনে, শিলাদেবীর ঘাট থেকে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার উত্তরে অবস্থিত সাঁকোটি ছিল আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাঁকোটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষ ওই সাঁকো দিয়ে চলাচল করতেন।
স্থানীয়দের উদ্বেগ ও দুর্ভোগের বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তাঁর নির্দেশনায় জরাজীর্ণ সাঁকোটি অপসারণ করে অতি দ্রুত নতুন, মজবুত ও নিরাপদ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।
নতুন সাঁকো নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। নিরাপদে যাতায়াত করতে পেরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে প্রতিমন্ত্রী সেখানে দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, স্থায়ী সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি স্থায়ীভাবে দূর হবে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নির্দেশে খুব দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে।”
