
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।
সোমবার (১৮ মে ২০২৬) দিবাগত রাত ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী “তাজ পরিবহন” নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এসময় বাসটির জি-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার মহিষমারি এলাকার বাসিন্দা মো. জয়নাল (৫৫)। তিনি মৃত গিয়াস উদ্দিন ও মৃত হাসিনা বেগমের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাগজের খাঁকি খামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো নীল রঙের ৮টি জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১,৬০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৬০ গ্রাম বলে জানানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমসহ বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসি বগুড়ার উপপরিদর্শক মো. তাহিদুল আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ডিএনসি আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
