
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে চাচাতো দুই ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনার পরদিন মঙ্গলবার (১৯ মে) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
সকালে মোকামতলা-রংপুর-ঢাকা মহাসড়কে এলাকার শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় চাচাতো দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, ইয়াছিন ঘটনাস্থলে একজন মারা যায় এবং সুমনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও জড়িত সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “দিনদুপুরে প্রকাশ্যে দুই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসি চাই।”
বক্তারা আরও বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বের হতে না পারে সেদিকে প্রশাসনকে কঠোর নজর রাখতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা জোরদারেরও দাবি জানান তারা।
