
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোকামতলা উপজেলার ইউএনও ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, সরকারি কার্যক্রম সমন্বয়, ভূমি প্রশাসন পরিচালনা এবং জনসেবামূলক কর্মকাণ্ড দ্রুত চালুর লক্ষ্যে এ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমের একেবারে প্রাথমিক পর্যায়ে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, মোকামতলা উপজেলা ঘোষণার পর এটি প্রশাসনিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন উপজেলার কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
এদিকে, নবগঠিত মোকামতলা উপজেলার প্রথম ইউএনও ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে জিয়াউর রহমান উপজেলার প্রশাসনিক ইতিহাসের অংশ হয়ে থাকবেন বলে মনে করছেন স্থানীয়রা। নতুন উপজেলাকে কার্যকর ও জনবান্ধব প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
