
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মাঝপাড়া গ্রামে সংঘবদ্ধ গরু চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রাতের অন্ধকারে কাচামাল ব্যবসায়ী আব্দুল হালিমের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাঝপাড়া গ্রামের মৃত একরাম প্রামানিকের ছেলে আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাচামালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি গরু পালন করেও জীবিকা নির্বাহ করতেন। গত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র তার বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে মূল্যবান তিনটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সংঘবদ্ধ চোরচক্রটি পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রাম টার্গেট করে চুরি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মহাস্থান আরদদার মো. শামিম বলেন, “অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করা হয়েছিল। হঠাৎ এভাবে সব হারিয়ে পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল বলছে, রাতের বেলা পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
