
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০৯টি মৌজা নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে নতুন “মোকামতলা উপজেলা”। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত বাংলাদেশ গেজেটের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে, ২০২৬) প্রকাশিত গেজেটে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
গেজেট অনুযায়ী, মোকামতলা ইউনিয়ন, শিবগঞ্জ আংশিক, দেউলী, সৈয়দপুর ইউনিয়ন এবং ময়দানহাটা সমন্বয়ে নতুন মোকামতলা উপজেলা গঠিত হয়েছে। এসব এলাকার মোট ১০৯টি মৌজা নতুন উপজেলার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত মোকামতলা উপজেলার সদর দপ্তর স্থাপন করা হবে মোকামতলা ইউনিয়নের বাগিচাপাড়া মৌজায়। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হয়েছে বলেও জানানো হয়।
দীর্ঘদিন ধরে মোকামতলাকে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সরকারিভাবে গেজেট প্রকাশ হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহলের মতে, নতুন উপজেলা গঠনের ফলে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুত প্রশাসনিক অবকাঠামো নির্মাণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম চালু হলে মোকামতলা উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।
