
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ভাই মোঃ সাব্বিরুল ইসলাম মুন্নার নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মহাস্থান নিবাসী মরহুম আজিম উদ্দিন প্রামানিকের কনিষ্ঠ পুত্র এবং সাবেক সংসদ সদস্যের ছোট ভাই মোঃ সাব্বিরুল ইসলাম মুন্না গতকাল রাত ১০টা ৩০ মিনিটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর, তাঁর জানাজা ও দাফন কার্যে অংশ নেওয়ার জন্য কারাবন্দী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনের পর আজ তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
মরহুমের পরিবার জানিয়েছে, আজ বাদ আছর মহাস্থান ঈদগাহ ময়দানে মরহুম সাব্বিরুল ইসলাম মুন্নার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ প্যারোলে মুক্ত হয়ে ছোট ভাইয়ের জানাজায় শরিক হবেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
