
জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি স্থানীয় জয়পুরহাট সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে সমাপ্ত হয়। মিছিলকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল স্লোগান দিয়ে পুরো শহরকে প্রতিবাদের আগুনে উত্তপ্ত করে তোলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, রাসেল তালুকদার, মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সবুজ, এনায়েত মওলা সবুজ, যুবদল নেতা আকাশ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছোহরাফ হোসেন ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে বলেন, নতুনহাট পশুর হাটে সাধারণ মানুষের ওপর চলমান জুলুম, অবৈধ অতিরিক্ত টোল আদায় ও দুর্নীতির প্রতিবাদ করায় জনপ্রিয় যুবদল নেতা মোক্তাদুল হক আদনানের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। তাঁরা স্পষ্ট অভিযোগ করে বলেন, এই হামলার মূল হোতা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন ও তার সহযোগী মামুনসহ অন্যান্য সন্ত্রাসীরা।
বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘটনার এজাহারভুক্ত আসামি শামস মতিন ও মামুনসহ সব হামলাকারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যুবদল আরও কঠোর ও তীব্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”
উল্লেখ্য, নতুনহাট পশুর হাটে দীর্ঘদিন ধরে অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত টাকা আদায় ও রসিদ জালিয়াতির অভিযোগে শামস মতিনের নাম বারবার উঠে এসেছে। সাধারণ মানুষের পকেট কাটার এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই যুবদল নেতা আদনানকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জয়পুরহাটের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি দেখাতে পারেনি।
স্থানীয়রা মনে করেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের ওপর হামলা করে চুপ করিয়ে দেওয়ার এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে না পারলে জয়পুরহাটে আইনের শাসন বলে আর কিছু থাকবে না।
