
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অপবাদে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। মানবিকতাবিরোধী এই ঘটনার খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। পরে তাঁর নির্দেশনায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার এবিএম সাইফুজামান লোটাসের লিচু বাগানে সিহালী সরকারপাড়া গ্রামের রুবেল মন্ডলের ১১ বছর বয়সী ছেলে কাওছারকে লিচু চুরির অভিযোগে আটক করা হয়। অভিযোগ রয়েছে, পরে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার বুকের ওপর “লিচু চোর” লেখা স্টিকার লাগিয়ে অপমান করা হয়। এ সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার পর মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির তত্ত্বাবধানে উপজেলা বিএনপি ও প্রশাসনের একটি প্রতিনিধি দল কাওছারের বাড়িতে যান। সেখানে শিশুটির পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং কাওছারের হাতে লিচুসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।
প্রতিনিধি দলের সদস্যরা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কোনো শিশুকে এভাবে অপমান ও নির্যাতন করা মানবিকতা, নৈতিকতা ও আইনের পরিপন্থী। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
