
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মাচইল এলাকায় অভিযান পরিচালনা করে মনিকা বেগম (২৪) নামে ওই নারীকে আটক করে। তিনি উপজেলার মাচইল গ্রামের মোঃ নুর নবীর স্ত্রী বলে জানা গেছে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে শিবগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক অভিযানের কারণে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
