
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শাহ আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ থানার বিহার ইউনিয়নের দোবিলা গ্রামে শাহ আলমের বাড়ির পশ্চিম পাশে একটি ফসলি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি স্থানীয় আবুল কাশেমের বর্গাচাষ করা ধানের জমিতে পাওয়া যায়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, ১৫ মে রাত ৮টা থেকে ১৬ মে সকাল ১০টার মধ্যে কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-৩১, তারিখ ১৭/০৫/২০২৬ ইং, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০।
বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায় শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে পুলিশ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে। পরে ২৬ মে ২০২৬ রাত ১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন সংসারদিঘী গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ শাহীন শেখ সায়েম (৩২)
২) মোছাঃ আরিফা বেগম (৩২)
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নিহত শাহ আলমের ভাবী আরিফা বেগমের সঙ্গে শাহীন শেখ সায়েমের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে বিষয়টি শাহ আলম বুঝতে পেরে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমকে উপর্যুপরি আঘাত করা হলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
