
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে বাগানের লিচু ছেঁড়ার অভিযোগে ১১ বছরের এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি পিরব ইউনিয়নের একটি বাগানে লিচু ছেঁড়াকে কেন্দ্র করে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নির্যাতিত শিশুর পরিবারের খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনার পরপরই শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বদি হাজির ছেলে লোটাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুর প্রতি এমন অমানবিক আচরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, “শিশু নির্যাতনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শিশু নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
