
নবগঠিত মোকামতলা উপজেলার সংকরপুর মালিপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা না থাকায় সাতটি পরিবারের প্রায় ২৩ জন সদস্য মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে চলাচলের পথ সংকটের কারণে এসব পরিবার চরম দুর্ভোগের শিকার হলেও এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা যায়, গ্রামের ভেতরে অবস্থিত এসব পরিবারের বসতবাড়িতে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ও ব্যবহারযোগ্য রাস্তা নেই। এতদিন কষ্ট করে অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করলেও বর্তমানে সেই পথও বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। ফলে শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নেওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পাদন করতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বিধবা সফুরো বেওয়া, শহিদুল ইসলাম, রিকশাচালক সাইফুল ইসলাম, মৃত শরিফুল ইসলামের পরিবার, মৃত সবুজের পরিবার, সৈকত এবং ক্ষুদ্র ব্যবসায়ী সাজু ইসলামের পরিবারসহ মোট সাতটি পরিবার।
বিধবা সফুরো বেওয়া বলেন, “বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কারণে কষ্ট করে জীবনযাপন করছি। আগে অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এখন সেখান দিয়েও যেতে দেওয়া হচ্ছে না। আমরা যেন নিজ বাড়িতেই বন্দি হয়ে গেছি।”
স্থানীয় বাসিন্দা সাজু ইসলাম বলেন, “আমাদের পরিবারের সদস্যরা চরম কষ্টে আছেন। জরুরি প্রয়োজনে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে। দ্রুত একটি স্থায়ী রাস্তার ব্যবস্থা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”
এ বিষয়ে মোকামতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আলমাস আলী সরকার জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে পরিবারগুলোর চলাচলের সুবিধার্থে সাময়িক ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে।
এলাকাবাসীর দাবি, নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত উদ্যোগ নিয়ে পরিবারগুলোর জন্য একটি স্থায়ী যাতায়াতের রাস্তা নিশ্চিত করবেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ ফিরে পাবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
