
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার আমতলী বড় বাজার এলাকার মৃত আতাউর রহমানের ছেলে মো. আলী হোসেন প্রাং (৩৭) এবং ধামাহার আরামন এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে মো. আব্দুল হামিদ রুবেল (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
