
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী এবং অপর দুইজন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) পরিচালিত এ অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাফর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী বাবু রবি দাসের কাছ থেকে ৫১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৫৪ টাকা উদ্ধার করা হয়।
এ সময় গাঁজা ক্রয়ের অভিযোগে সিজান ও জনি নামের আরও দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় বিশেষ বিবেচনা করা হচ্ছে।
শিবগঞ্জ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। এলাকায় মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
