
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ মোঃ পারভেজ প্রাং (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পারভেজ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কালিতলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কালিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে অভিযান চালিয়ে পারভেজ প্রাংকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন, “মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ পারভেজ প্রাংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। শিবগঞ্জে মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইয়াবাসহ পারভেজ প্রাংকে গ্রেপ্তার করা হয়েছে।
