
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তি দখল ও চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় একটি পরিবারকে বাড়িঘর ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলেও ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। পুলিশি তদন্তের জেরে উল্টো বাদী পক্ষের ওপর দ্বিতীয় দফায় সশস্ত্র হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিবাদী পিন্টু ও ওয়াজেব আলী গংদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের মৃত নমীর উদ্দিন মন্ডলের ছেলে আ: রশিদের পৈতৃক সূত্রে প্রাপ্ত বসতবাড়ির জমি জবরদখল ও চলাচলের রাস্তা বন্ধ করার পাঁয়তারা করে আসছিল স্থানীয় ওয়াজেব আলী (৩৫), পিন্টু মন্ডল (৩৪), ভুট্টু মিয়া (৩০) সহ ৮-১০ জনের একটি দল। গত ১৪ জুন বিকেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রশিদের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে রশিদ, তার স্ত্রী রুবিয়া বেগম, ভাতিজা প্রতিবন্ধী নান্নু, রাশেদুল এবং ভাইয়ের স্ত্রী জিরেমন বেওয়াকে বেধড়ক মারপিট ও রক্তাক্ত জখম করা হয়। হামলায় প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জিরামন বেগমের স্বামীর পৈতৃক সম্পত্তি দখল ও চলাচলের রাস্তা বন্ধ করায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, গত শনিবার কিচক ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য শিবগঞ্জ থানার এএসআই শাহ আলম পুনরায় ঘটনাস্থলে আসেন। কিন্তু বারবার পুলিশ আসাতে বিবাদীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ চলে যাওয়ার পর পিন্টু ও ওয়াজেদ গং দেশীয় লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে আ: রশিদের পরিবারের লোকজনকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা ওই গ্রামের রহিমা নামের এক নারীর বাড়িতে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। বিবাদীরা সেখানে গিয়েও দরজা ভাঙার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে হুমকি-ধামকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে আব্দুর রশিদ শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
ভুক্তভোগী আ: রশিদ জানান, অভিযুক্তদের ক্রমাগত হুমকি এবং পুলিশি তদন্তের পর দ্বিতীয় দফা হামলার ঘটনায় তিনিসহ পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদালতে জমি সংক্রান্ত মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীদের এই বেআইনি তাণ্ডবে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রভাবশালী আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
