
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী সূত্রধর, নয়ন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। শিবগঞ্জ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
