
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের এইচএসসি-২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের মদ্যপানের গুরুতর অভিযোগ উঠেছে।
কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন ঘটনা প্রকাশ্যে আসায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ কলেজ ক্যাম্পাসে আয়োজিত এইচএসসি ২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষে শহরের হাজী বদরউদ্দিন রোডে এক ছাত্রীকে মাতাল ও টালমাটাল অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই ছাত্রী হাজী বদরউদ্দিন রোডে অস্বাভাবিক অবস্থায় চলাফেরা করছিলেন। তার শারীরিক অবস্থা ও অসংলগ্ন আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ওই ছাত্রী স্বীকার করেন যে, তিনি একা নন, বরং কলেজের বিদায় অনুষ্ঠান চলাকালে আরও বেশ কয়েকজন সহপাঠী মিলে তারা একসঙ্গে মদ পান করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিদায় অনুষ্ঠানের মতো একটি আয়োজনে কীভাবে ছাত্রীরা মদ পানের সুযোগ পেল, তা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের নজরদারি এবং দায়িত্বশীলতা নিয়ে ইতোমধ্যে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছেন অভিভাবক মহল।
