
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনছার আলীর বিরুদ্ধে আপন ভাতিজাসহ দুই পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় হয়রানি এবং চলাচলের একমাত্র পথ ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই গ্রামের তোরাব আলী মৃত্যুর সময় প্রায় সাড়ে ২৭ একর জমি রেখে যান। পরবর্তীতে তার বড় ছেলে আতাহার আলীর মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
জাহাঙ্গীর আলম ও তার পরিবারের দাবি, আতাহার আলীর মৃত্যুর পর তার ছোট ভাই আনছার আলী অধিকাংশ সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রাখেন এবং ভাতিজাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে জমির ন্যায্য হিস্যা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকা কিছু জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৫ মে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেয়।
তবে জাহাঙ্গীর আলমের অভিযোগ, তার পক্ষের অভিযোগ থানায় গ্রহণ করা হয়নি, অথচ অপর পক্ষের অভিযোগ এজাহারভুক্ত করা হয়েছে। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এদিকে জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তাদের চলাচলের একমাত্র পথ, যা আনছার আলীর বাড়ির সামনে দিয়ে গেছে, তা ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছে। ফলে দুই পরিবারের মোট নয়জন সদস্য বাধ্য হয়ে ফসলি জমির ওপর দিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে ওই জমি কাদা-পানিতে পরিণত হওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে বলে দাবি করেন তারা।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন আনছার আলী। তিনি বলেন, সম্পত্তি বণ্টনে কোনো অনিয়ম হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বড় ভাই আতাহার আলীকে বাড়িভিটাসহ প্রায় ৯ একর জমি দেওয়া হয়েছিল এবং পারিবারিকভাবে সম্পত্তি বণ্টন সম্পন্ন হয়েছিল।
চলাচলের পথ বন্ধের অভিযোগের বিষয়ে আনছার আলী বলেন, পথটি এখনো উন্মুক্ত রয়েছে এবং কাউকে ওই পথে চলাচলে বাধা দেওয়া হয়নি। তার দাবি, গত ১৫ মে ভাতিজা জাহাঙ্গীর তাকে মারধর করেছিলেন। এ কারণে জাহাঙ্গীর নিজেই লজ্জাবোধ থেকে ওই পথ ব্যবহার করছেন না। তবে জাহাঙ্গীর ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্য নিয়মিত ওই পথ ব্যবহার করছেন। দুই দিন আগেও তারা ওই পথ দিয়ে ধান বাজারে নিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।
সংঘর্ষের ঘটনায় আনছার আলী আরও দাবি করেন, তার ভাতিজা জাহাঙ্গীর তাকে নাকে ঘুষি মেরে রক্তাক্ত করেন এবং পরে লাঠি দিয়ে পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক দিয়ে রক্তক্ষরণ হয় বলে তিনি জানান।
পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল। পরে পুলিশকে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, আদালতের নির্দেশে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জমির ওপর দিয়ে চলাচলের পথ বন্ধ করা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
