
সারা দেশে একযোগে ১৯টি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১৭ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সুশৃঙ্খল তথ্যভান্ডারের আওতায় আনা হবে। এর ফলে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য সহায়তা ও কল্যাণমূলক সেবাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সহজেই সরকারি সহায়তা গ্রহণের সুযোগ পাবে এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন উপকারভোগীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে নিবন্ধিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপস্থিত উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে বলে তারা আশা করছেন।
