
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সবজির মোকাম হিসেবে পরিচিত। প্রতিদিন কোটি টাকার সবজি কেনাবেচা হলেও সরকারি টোল তালিকা (টোল চার্ট) প্রদর্শন না থাকায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, হাটের দৃশ্যমান কোনো স্থানে সরকার নির্ধারিত টোল চার্ট টাঙানো নেই। ফলে কৃষক ও ব্যবসায়ীরা নির্ধারিত হারের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। এ সুযোগে ইজারাদার পক্ষের লোকজন ইচ্ছেমতো টোল আদায় করছে বলে অভিযোগ করেছেন একাধিক কৃষক।
স্থানীয় কৃষকদের দাবি, সবজি বিক্রির সময় টোল আদায়ের পাশাপাশি ‘ধলতা’ নামে প্রচলিত একটি প্রথার মাধ্যমে প্রতি মণে প্রায় ২ কেজি সবজি অতিরিক্ত নেওয়া হয়। এতে কৃষকরা প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেন, অল্প পরিমাণ সবজি নিয়ে হাটে এলেও তাদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে, যা কৃষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
হাটে আসা কয়েকজন কৃষক জানান, টোল তালিকা না থাকায় তারা কত টাকা খাজনা দেওয়ার কথা, তা জানার সুযোগ পান না। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি টোল তালিকা প্রকাশ না থাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ পাচ্ছে। তারা হাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, হাটের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি টোল চার্ট টাঙানো, ‘ধলতা’ প্রথা বন্ধ করা, ডিজিটাল ওজন ব্যবস্থা চালু এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অনিয়ম অনেকাংশে রোধ করা সম্ভব।
এদিকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সরকারি হাটে নির্ধারিত টোল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ইজারা বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
কৃষক ও ব্যবসায়ীরা মহাস্থান হাটে টোল আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
