
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাশের ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ নালিতাবাড়ীর দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।
পরে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
