
নামকরণ নিয়ে ব্যাপক বিতর্কের পর বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় গণশুনানির মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশের পর ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ নামকরণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনায় আসে।
এরপর সরকারের নির্দেশনায় ইউনিয়ন তিনটির নাম পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাগুলোতে গণশুনানির আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নতুন নামের প্রস্তাব ও মতামত গ্রহণ করা হচ্ছে।
বগুড়ার জেলা প্রশাসক ড. তৌফিকুর রহমান বলেন, “গণশুনানিতে স্থানীয় জনগণের কাছ থেকে পাওয়া যৌক্তিক প্রস্তাব ও মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী সময়ে সরকারি গেজেটের মাধ্যমে নতুন নাম কার্যকর করা হবে।
