
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত প্রস্তাবিত নতুন ইউনিয়নের নাম পরিবর্তনের দাবিতে আয়োজিত গণশুনানিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালে রহবল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিভিন্ন গ্রামের হাজারো মানুষ উপস্থিত হয়ে তাদের মতামত তুলে ধরেন।
গণশুনানিতে বক্তারা প্রস্তাবিত নতুন ইউনিয়নের নাম “দিগন্ত” পরিবর্তন করে “রহবল ইউনিয়ন” রাখার জোর দাবি জানান। তারা বলেন, রহবল নামটি এলাকার দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই স্থানীয় জনগণের আবেগ ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নতুন ইউনিয়নের নাম “রহবল ইউনিয়ন” রাখা উচিত।
অংশগ্রহণকারীরা আরও বলেন, একটি এলাকার নাম শুধু প্রশাসনিক পরিচয় নয়, বরং সেই অঞ্চলের ইতিহাস ও জনগণের আত্মপরিচয়েরও প্রতীক। তাই স্থানীয় জনমতের প্রতিফলন ঘটিয়ে ইউনিয়নের নাম নির্ধারণ করা প্রয়োজন।
গণশুনানিতে উপস্থিত জনসাধারণ একযোগে “রহবল ইউনিয়ন” নামের পক্ষে মতামত প্রদান করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং নাম পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেন।
গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনজুড়ে স্থানীয়দের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্থানীয়দের আশা, গণশুনানিতে উত্থাপিত জনমত ও ঐতিহাসিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ নতুন ইউনিয়নের নাম “রহবল ইউনিয়ন” হিসেবে চূড়ান্ত করবে।
