
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা (গরিবপুর) যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৬ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও আগামী শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহ ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন।
এ সময় খালিদ হাসান আরমান বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজকে সম্পৃক্ত করে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
